![]()
ইবি রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৮ জন, লালবাগ থেকে ৩৫ জন, ওয়ারী থেকে ৬৬ জন, মতিঝিল থেকে ৫৪ জন, তেজগাঁও থেকে ৬১ জন, মিরপুর থেকে ৮১ জন, গুলশান থেকে ২৫ জন, উত্তরা থেকে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জন রয়েছেন।
অভিযান পরিচালনার সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি বিদেশি রিভলভার এবং চার রাউন্ড রিভলভারের গুলিও জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
ডিএমপির অভিযানে মাদক ও অস্ত্রের পাশাপাশি ৩২৪টি মোবাইলফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক এবং নগদ ৯ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাঠকের মন্তব্য