![]()
ইবি রিপোর্ট
রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে এ হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরদিন আরও পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান।
তিনি জানান, ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় জিডি করে। এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও তদন্ত করছে। প্রাথমিকভাবে ই-মেইলটি যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এদিকে হুমকির ই-মেইলে আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়। ই-মেইলটিতে হামলার হুমকির পাশাপাশি আতঙ্ক সৃষ্টির মতো বিভিন্ন বক্তব্যও দেওয়া হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ঘটনার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অজ্ঞাত ই-মেইল পেয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।
বক্তব্যে আরও বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে। হুমকির ই-মেইলটি কারা এবং কী উদ্দেশ্যে পাঠিয়েছে, তা শনাক্তে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
পাঠকের মন্তব্য