![]()
ই-বাংলাদেশ ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে তৈরি হওয়া নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় যুবসমাজই মানবসভ্যতার অন্যতম বড় শক্তি ও সম্পদ।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার (১২ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এআই নতুন বাস্তবতা তৈরি করছে
তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের মাধ্যমে বিশ্বে যে নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, তা একদিকে সভ্যতার জন্য আশীর্বাদ, অন্যদিকে নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে সভ্যতার জন্য সম্পূর্ণ নতুন বাস্তবতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞান গ্রহণের ক্ষেত্রে তরুণদের সক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তাই এআইনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি দিয়ে গড়ে তোলা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, বিশ্ব এমন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার গভীরতা এতটাই বেশি যে আগামী দিনগুলোতে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা অনেকাংশেই অনুমান করা কঠিন। এ কারণে প্রচলিত জ্ঞানের পাশাপাশি নতুন জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকা যাবে না
জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত করলেই হবে না। তাদের ডিজিটাল সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে।
তার মতে, নতুন প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমের জন্য নতুন ধরনের প্রতিষ্ঠান ও জ্ঞানব্যবস্থা প্রয়োজন। তরুণদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা এখন শুধু একটি উন্নয়নমূলক কর্মসূচি নয়; বরং ভবিষ্যৎ সভ্যতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
মন্ত্রী বলেন, যুবসমাজ শুধু একটি দেশের সম্পদ নয়, তারা সমগ্র মানবসভ্যতার সম্পদ। তাই তরুণদের শুধু ভবিষ্যতের নাগরিক হিসেবে না দেখে বর্তমানের পরিবর্তনের অংশীদার হিসেবেও বিবেচনা করতে হবে।
বাংলাদেশের উন্নয়নে তরুণদের ভূমিকা
বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। খেলাধুলা, সৃজনশীলতা, যুব উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজকে প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তারা শুধু দেশের নয়, বৈশ্বিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান
এআইয়ের দ্রুত বিকাশের যুগে যুবসমাজকে প্রস্তুত করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও ব্যাপক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের প্রস্তুত করার অর্থ শুধু তাদের কর্মসংস্থানের উপযোগী করে তোলা নয়; বরং ভবিষ্যৎ সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা। এ লক্ষ্যে রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম জোবায়েদ হোসেন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য