ই-বাংলাদেশ ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ে স্পেনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরে স্পেনের ঐতিহাসিক সাফল্যকে স্বাগত জানিয়ে দেশটির জনগণ ও জাতীয় ফুটবল দলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে দূতাবাস।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত দূতাবাসের এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, বিশ্বকাপ জয়ের এই গৌরবময় অর্জন স্পেন দলের প্রতিভা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দৃঢ় সংকল্প এবং অদম্য দলীয় চেতনার উজ্জ্বল প্রতিফলন। এই বিজয় শুধু স্পেনের জন্যই নয়, বরং বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্যও আনন্দ ও গর্বের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও স্পেনের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। বিশ্বকাপজয়ী স্পেনের এই সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলেও আশা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।
একই সঙ্গে ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতেও স্পেনের আরও সাফল্য ও গৌরবময় অর্জন কামনা করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান আরও একবার প্রমাণ করে লা রোহা।
পাঠকের মন্তব্য