![]()
ই-বাংলাদেশ ডেস্ক
উজানের ঢল ও টানা ভারি বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের কুড়িগ্রামসহ পাঁচ জেলায় আবারও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১১ জুলাই) দুপুরে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর আরও বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, জেলার সব নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি কুড়িগ্রামের তালুক শিমুলবাড়ী ও সেতু পয়েন্টে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নদীতীরবর্তী বাসিন্দাদের আগাম সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবারসহ জরুরি ত্রাণসামগ্রী মজুত এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেসব বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দুর্বল অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত মেরামতের কাজ চলমান রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আগামী দুই দিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। তাই নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সর্বশেষ সরকারি নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য