![]()
বিশ্বকাপ ইতিহাসে আরেকটি অনন্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অ্যাসিস্ট করে তিনি এখন একমাত্র ফুটবলার, যিনি ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এমন নজির আগে কেউ স্থাপন করতে পারেননি।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোর গোলের পেছনে ছিল মেসির নিখুঁত পাস। সেই অ্যাসিস্টের মাধ্যমেই আর্জেন্টাইন অধিনায়ক নতুন এই মাইলফলক স্পর্শ করেন। বিশ্বকাপে মেসির অ্যাসিস্ট যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে একটি করে, ২০১৮ বিশ্বকাপে দুটি এবং ২০২২ বিশ্বকাপে তিনটি অ্যাসিস্ট করেন তিনি। চলমান ২০২৬ বিশ্বকাপেও ইতোমধ্যে একটি অ্যাসিস্ট যোগ করায় ছয়টি পৃথক বিশ্বকাপ আসরে অ্যাসিস্ট করার রেকর্ডটি এখন শুধুই তার।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো ফুটবলার তিনটির বেশি ভিন্ন আসরে অ্যাসিস্ট করতে পারেননি। ফলে এই অর্জনের মাধ্যমে মেসি আবারও প্রমাণ করলেন, বিশ্ব ফুটবলের ইতিহাসে তার অবস্থান কতটা ব্যতিক্রমী ও অনন্য।
মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ জয়ে শুধু কোয়ার্টার ফাইনালই নিশ্চিত করেননি মেসি, বিশ্বকাপের ইতিহাসেও যোগ করেছেন আরেকটি স্বর্ণালি অধ্যায়। গোল, অ্যাসিস্ট এবং নেতৃত্ব—সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
পাঠকের মন্তব্য