![]()
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের নিট বা প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পেয়ে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
নিট বা প্রকৃত রিজার্ভ বলতে কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি ও সম্ভাব্য সব ধরনের বৈদেশিক দায়দেনা বাদ দেওয়ার পর যে ব্যবহারযোগ্য অর্থ অবশিষ্ট থাকে, তাকে বোঝায়। আন্তর্জাতিকভাবে একটি দেশের প্রকৃত বৈদেশিক সক্ষমতা মূল্যায়নে এই সূচককে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মে-জুন সময়ের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পরও দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এর আওতায় সদস্যদেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির বিল প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়। তবে আকুর বাইরে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।
বর্তমানে আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
পাঠকের মন্তব্য