![]()
ই-বাংলাদেশ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, দলটির রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং এর বিচার প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তাদের রাজনৈতিক দাফন হয়েছে দিল্লিতে।”
তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার প্রস্তুতি চলছে। তার ভাষায়, “শিগগিরই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে জাতির প্রত্যাশা অনেক বড়। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনায় কাজ করে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।
পাঠকের মন্তব্য