![]()
ই-বাংলাদেশ ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি, অবহেলা ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধে শুধু বদলি নয়, প্রয়োজন হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানে শুধু ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এসবের কোনো প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা এ বছরই স্বাস্থ্যখাতে একটি বিপ্লবের সূচনা করতে চাই। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, সরকারের এবারের বাজেট কেবল অর্থ বরাদ্দের নয়, বরং আদর্শ বাস্তবায়নের বাজেট। তার ভাষায়, “এটি টাকার বাজেট নয়, আদর্শের বাজেট। প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।”
মন্ত্রী আশা প্রকাশ করেন, স্বাস্থ্যখাতে চলমান সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং জনগণ আরও সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
পাঠকের মন্তব্য