![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-কে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এটি প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছিল না।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্পারসোকে এমন একটি আধুনিক ও কার্যকর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যা দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি, দূর অনুধাবন এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগ নিয়ে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান।
পাঠকের মন্তব্য