![]()
ই-বাংলাদেশ ডেস্ক
আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত সেই পরিকল্পনা সম্পূর্ণভাবে নস্যাৎ করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার সকালে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ মিছিল, সমাবেশ ও জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এবং রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রস্তুতি নেওয়ায় তাদের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আগে থেকেই তথ্য ছিল যে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে। এমনকি দেশের বিভিন্ন জেলা থেকেও সমর্থকদের ঢাকায় আনার পরিকল্পনা ছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
ডিএমপি কমিশনার বলেন, “আমরা আশা করছি, দিনের বাকি সময়েও তারা কোথাও মিছিল, সমাবেশ বা জমায়েত করতে পারবে না।”
তিন দিন ধরে বিশেষ নজরদারি
পুলিশ কমিশনার জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় গত তিন দিন ধরে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার প্রবেশমুখ, সীমান্তবর্তী এলাকা, ট্রেন স্টেশন, বাস টার্মিনাল এবং গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে অতিরিক্ত নজরদারি চালানো হয়েছে।
তিনি বলেন, মোবাইল টহল এবং সাদাপোশাকে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়। পাশাপাশি বিভিন্ন মেস, আবাসিক হোটেল এবং সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি চালানো হয়েছে।
ডিএমপির দাবি, এসব অভিযানের মাধ্যমে বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
ককটেল বিস্ফোরণে নাশকতার আশঙ্কা
নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সম্প্রতি আওয়ামী লীগের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, “মিছিল ও মিছিল-পরবর্তী সময়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাটি থেকে প্রতীয়মান হয় যে, তাদের পক্ষ থেকে নাশকতার পরিকল্পনা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য