![]()
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জব্দ করা সম্পদ ব্যবহারে একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের অবমুক্ত করা অর্থ যেন সন্ত্রাসবাদে ব্যবহৃত না হয়ে সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও কাতার যৌথভাবে একটি তদারকি ব্যবস্থা গড়ে তুলছে। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় ইরানের মুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য—বিশেষ করে সয়াবিন, ভুট্টা ও গম—কেনার পরিকল্পনা রয়েছে, যা ইরানের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে।
ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার এ বিষয়ে কাতারের সঙ্গে একটি যৌথ প্রস্তাবনা নিয়ে কাজ করছেন। পরিকল্পনা অনুযায়ী, ইরানের অবমুক্ত সম্পদের ব্যবহার ও অনুমোদন প্রক্রিয়া যৌথভাবে যুক্তরাষ্ট্র ও কাতার তদারকি করবে।
তিনি এই উদ্যোগকে ‘ক্লাসিক ট্রাম্প ডিল’ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে একদিকে মার্কিন কৃষকরা লাভবান হবেন, অন্যদিকে ইরানের সাধারণ জনগণও উপকৃত হবে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে তিনি দাবি করেন।
ইরানের সম্পদ অবমুক্ত করার বিষয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা ভুল তথ্যের ভিত্তিতে হয়েছে বলেও মন্তব্য করেন ভ্যান্স। তিনি বলেন, আলোচনার প্রতিটি ধাপে ওয়াশিংটন ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং লেবাননসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।
ভ্যান্সের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলো দীর্ঘদিন ধরেই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক উদ্যোগ প্রত্যাশা করে আসছিল। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সাম্প্রতিক উত্তেজনা, ইরানি হামলা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে।
তবে ইসরাইল ইরানের প্রতি সম্ভাব্য কোনো ছাড় বা নমনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তুলতে চান। যদিও কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সামনে বিকল্প পথ খোলা রয়েছে, তবুও বর্তমান সময়ে ওয়াশিংটন শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোতে প্রতিশ্রুতিবদ্ধ।
পাঠকের মন্তব্য