![]()
ই-বাংলাদেশ ডেস্ক
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সেলিমা আহমাদ মেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুমিল্লাসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেন।
কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু এক ফেসবুক পোস্টে সেলিমা আহমাদ মেরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, “কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তার সহকর্মী ও অনুসারীরা। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।