![]()
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, বিকেলে প্রধানমন্ত্রী মোবাইল ফোনে যোগাযোগ করে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি শিগগিরই জেলা প্রশাসনের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।
জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা পুনরায় গেজেট আকারে প্রকাশ করা হবে। জনআকাঙ্ক্ষা ও স্থানীয় ঐতিহ্যের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়।
নাম ঘোষণার পর অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’ এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং নামকরণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণশুনানি নিয়ে প্রশ্ন ওঠে। পরে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়।
সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির ভিত্তিতেই নামগুলো নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, একটি ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এর নাম ‘সীমান্ত’ এবং অপরটির ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘দিগন্ত’ রাখা হয়েছে। ছেলেদের নামের সঙ্গে মিলকে তিনি ‘কাকতালীয়’ বলে উল্লেখ করেন।
তবে প্রতিমন্ত্রীর এই ব্যাখ্যার পরও জনমনে অসন্তোষ ও সমালোচনা অব্যাহত থাকে। শেষ পর্যন্ত বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের নির্দেশ দেন।
পাঠকের মন্তব্য