![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনই তাদের রাজনীতির মূল শক্তি এবং দেশের মানুষের কল্যাণে যতদিন জীবন থাকবে ততদিন কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। শনিবার সকালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজ শুরুর পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং তাদের ক্ষমতার উৎস জনগণ। তাঁর দাবি, বর্তমান সরকার জনগণের স্বার্থে বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি আরও বলেন, কিছু পণ্যের ওপর কর বাড়ানো হলেও সরকারের উদ্দেশ্য হলো দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া এবং উৎপাদন খাতকে শক্তিশালী করা।
বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এর মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। তাঁর ভাষায়, বিরোধী দল উন্নয়নমূলক উদ্যোগকে বাধাগ্রস্ত করতে চায়, যা দেশের স্বার্থের পরিপন্থী।
সমাবেশে তিনি পাতলী খাল পুনঃখনন প্রকল্পের প্রসঙ্গ তুলে বলেন, প্রায় ৫০ বছর আগে এই খাল খননের ইতিহাস রয়েছে এবং বর্তমান পুনঃখননের মাধ্যমে হাজার হাজার কৃষক ও স্থানীয় মানুষ উপকৃত হবে। তিনি আগামী পাঁচ বছরে বৃহৎ আকারে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কৃষির পাশাপাশি শিল্প ও বাণিজ্যের উন্নয়ন জরুরি, কারণ এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। বক্তৃতার শেষে তিনি জনগণকে উদ্দেশ করে বলেন, “দেশের মালিক জনগণ, কোনো রাজনৈতিক দল বা পরিবার নয়।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন এবং সমাবেশ শেষে তিনি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ও খেজুর গাছের চারা রোপণ করেন।
পাঠকের মন্তব্য