![]()
ইবি বিনোদন ডেস্ক
বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে গোয়ার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে সংজ্ঞা হারানোর পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
খবর এএনআইয়ের। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে গোয়ার বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন নানা পাটেকর। এরপর তিনি নিজেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে চিকিৎসকদের একটি দল দ্রুত তার বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে তারা অভিনেতাকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান।
চিকিৎসকরা বাড়িতেই প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার সংজ্ঞা ফেরানো সম্ভব হয়নি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
নানার ছেলে মালহার পাটেকর জানান, বুকে ব্যথা অনুভব করার পর তার বাবা নিজেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। চিকিৎসকদের দল বাড়িতে পৌঁছানোর পর তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সিপিআর দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়া হয়। ভোর সোয়া ৫টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সাড়ে ৫টা ২০ মিনিট নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নানা পাটেকরের প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। হিন্দি ও মারাঠি সিনেমার পাশাপাশি তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু করেন তিনি।
অভিনয়ে আসার আগে মুম্বাইয়ের জেজে স্কুল অব আর্টে পড়াশোনা করেন নানা পাটেকর। চলচ্চিত্রের পাশাপাশি থিয়েটারেও নিজের অভিনয় প্রতিভার পরিচয় দেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে আলাদা অবস্থান তৈরি করেন এই অভিনেতা।
নানা পাটেকরের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’, ‘আব তক ছাপ্পান’, ‘রাজনীতি’, ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘অপহরণ’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’। এর মধ্যে ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমাটি পরিচালনাও করেন তিনি।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নানা পাটেকর ২০১৩ সালে ভারতের পদ্মশ্রী সম্মাননা লাভ করেন। এছাড়া তিনি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন। তার ঝুলিতে রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।
দীর্ঘ ক্যারিয়ারে শক্তিশালী অভিনয়শৈলী ও বৈচিত্র্যময় চরিত্রে কাজের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিতি পাওয়া নানা পাটেকরের আকস্মিক মৃত্যু তাই ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি করেছে।
পাঠকের মন্তব্য