![]()
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গত ২০ মে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন আইনজীবী রিংকি চট্টোপাধ্যায় সিং। অভিযোগে বলা হয়, বিভিন্ন সময়ে দেওয়া দুটি মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
অভিযোগকারীর দাবি অনুযায়ী, প্রথমে থানায় এফআইআর নিতে অনীহা দেখানো হলেও পরে দীর্ঘ যোগাযোগের পর মামলা নথিভুক্ত করা হয়। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় করা হয়েছে, যার মধ্যে রয়েছে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ।
শিলিগুড়ি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়ম মেনেই এফআইআর গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের ঈদের সময় এবং নির্বাচনের আগে ধর্মতলায় দেওয়া দুটি আলাদা বক্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হয়েছে।
আইনজীবীর দাবি অনুযায়ী, ওই মন্তব্যগুলোর মধ্যে একটি ছিল “গন্দা ধর্ম” (নোংরা ধর্ম) শব্দ ব্যবহার নিয়ে, যা নিয়ে আগেই বিতর্ক সৃষ্টি হয়েছিল।
অন্যদিকে, অভিযোগকারী রিংকি চট্টোপাধ্যায় বলেন, তিনি একজন হিন্দু হিসেবে এবং নাগরিক হিসেবে নিরাপত্তাহীনতা অনুভব করেছেন বলেই আইনি পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও দাবি করেন, প্রথমে পুলিশ সহযোগিতা না করলেও পরে অভিযোগ গ্রহণ করে মামলা নথিভুক্ত করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, মামলায় উত্থাপিত সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মন্তব্য