![]()
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপারের চাপ বাড়লেও এবার তুলনামূলকভাবে স্বস্তিদায়ক পরিস্থিতি বজায় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৩৬ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে মোট ৬৫ হাজার ৩২৪টি যানবাহন পারাপার হয়েছে এবং এ সময় টোল আদায় হয়েছে প্রায় ৭ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৭৫০ টাকা। একই সময়ে ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের বেশি যানবাহন পারাপার হয়, যা থেকে ৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি টোল আদায় হয়।
পদ্মা সেতুর প্রশাসনিক পরিচালক অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন শেখ জানান, যানজট কমাতে সেতুর উত্তর থানার সামনে বিশেষ ‘বাস বে’ নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে ১০ থেকে ১৫টি বাস দাঁড়াতে পারায় টোল প্লাজার প্রবেশমুখে আগের মতো যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে না। মোটরসাইকেলের জন্য আলাদা লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।
সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ব্যবস্থাপনায় মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এক্সপ্রেসওয়েতে নিয়মিত টহল ও নজরদারির কারণে কোথাও যানবাহন থেমে থাকার বড় ধরনের সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
যাত্রী ও সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান ব্যবস্থাপনা কার্যকর থাকলে দক্ষিণবঙ্গমুখী ঈদযাত্রা এবার তুলনামূলকভাবে আরও স্বস্তিদায়ক হবে। তবে ঈদের চাপ পুরোপুরি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
পাঠকের মন্তব্য