![]()
সায়েদাবাদ বাস টার্মিনালমুখী সড়কগুলোতে ঈদুল আজহাকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হয়েছে, যা খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, খিলগাঁও ফ্লাইওভার থেকে সায়েদাবাদ টার্মিনাল পর্যন্ত পুরো এলাকায় যানবাহনের ধীরগতি ও দীর্ঘ সারি তৈরি হয়েছে।
বিশেষ করে মুগদা থেকে মানিকনগর পর্যন্ত অংশে সড়কের অবকাঠামোগত কাজের কারণে রাস্তা সরু হয়ে গেছে। ফলে যান চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে রাস্তায় রিকশার চাপ ও ঘন ঘন ইউটার্ন নেওয়ার প্রবণতা, যা যানজট আরও তীব্র করেছে।
এছাড়া মুগদা এলাকায় সড়কের পাশে গরুর হাট বসায় ওই অংশে অতিরিক্ত জনসমাগম ও যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এতে পুরো রুটে যান চলাচল আরও ধীর হয়ে পড়েছে।
মানিকনগর থেকে মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশমুখ পর্যন্ত বিভিন্ন বাস কাউন্টারের সামনে বাস থেমে যাত্রী ওঠানামার কারণে যানজট আরও দীর্ঘ হচ্ছে।
তবে ঢাকার অভ্যন্তরীণ অন্যান্য সড়ক তুলনামূলকভাবে ফাঁকা দেখা গেছে এবং সেখানে বড় কোনো যানজট নেই।
পাঠকের মন্তব্য