![]()
মার্কো রুবিও বলেছেন, সাম্প্রতিক মার্কিন সামরিক হামলার কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ইরানের সঙ্গে এখনো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেন।
ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও জানান, বর্তমানে কাতারে মধ্যস্থতায় আলোচনা চলছে। তিনি বলেন, “আজ কাতারে কিছু আলোচনা হয়েছে। দেখা যাক আমরা অগ্রগতি করতে পারি কি না। প্রাথমিক খসড়ার সুনির্দিষ্ট ভাষা নিয়ে অনেক আলোচনা চলছে, তাই এতে আরও কয়েক দিন সময় লাগবে।”
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প একটি কার্যকর চুক্তির ব্যাপারে অনড় অবস্থানে আছেন। রুবিওর ভাষায়, “প্রেসিডেন্ট এটি সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই করবেন না।”
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে সম্ভাব্য চুক্তির বিষয়ে নতুন করে মার্কিন হামলা সংশয় তৈরি করলেও রুবিও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি “যেভাবেই হোক” পুনরায় খুলে দেওয়া হবে।
তিনি বলেন, “প্রণালিটি অবশ্যই খোলা থাকতে হবে। এগুলো এক বা অন্য উপায়ে খোলা হবেই, তাই এগুলো খোলা থাকা প্রয়োজন।”
হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের সমালোচনা করে রুবিও আরও বলেন, “সেখানে যা ঘটছে তা বেআইনি, অবৈধ, বিশ্বের জন্য টেকসই নয় এবং অগ্রহণযোগ্য।”
পাঠকের মন্তব্য