![]()
রাজধানীতে হকার ব্যবস্থাপনা নীতিমালার আওতায় হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।
আদালত চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার বিভাগ (এলজিআরডি) সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। আইনজীবী মো. সোহেবুজ্জামান রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনুজ্জামান। এ সময় আরও কয়েকজন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
আদেশের পর আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের বলেন, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় রিটটি করা হয়েছে। তার দাবি, এর ফলে জনগণের নির্বিঘ্ন চলাচলের স্বাধীনতা ব্যাহত হচ্ছে এবং যানজট সৃষ্টি হচ্ছে, যা সংবিধান ও সড়ক পরিবহন আইনের ৩৭ ধারার পরিপন্থী। তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনে রাস্তার উভয় পাশে ১০ মিটার জায়গা ফাঁকা রাখার বিধান থাকলেও ফুটপাত বরাদ্দ দেওয়ার মাধ্যমে সেই বিধান লঙ্ঘন করা হচ্ছে।
পাঠকের মন্তব্য