![]()
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান OpenAI-এর বিরুদ্ধে করা মামলায় পরাজিত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি Elon Musk। মানবতার কল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার অভিযোগ এনে তিনি এই মামলা করেছিলেন। তবে আদালত ওপেনএআইকে ওই অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছেন।
সোমবার Oakland Federal Courthouse-এ অনুষ্ঠিত শুনানিতে জুরি বোর্ড সর্বসম্মতভাবে মত দেয় যে, মাস্ক মামলা করতে অত্যন্ত দেরি করেছেন এবং আইনি সময়সীমা অতিক্রম করেছেন। মাত্র দুই ঘণ্টারও কম আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছায়।
যদিও বিচার চলাকালে জুরি বোর্ড উপদেষ্টা হিসেবে কাজ করেছে, তবে বিচারক Yvonne Gonzalez Rogers জুরিদের মতামতকে আদালতের আনুষ্ঠানিক রায় হিসেবে গ্রহণ করেন এবং মাস্কের অভিযোগ খারিজ করে দেন। বিচারক বলেন, মামলাটি খারিজ করার পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।
মাস্কের আইনজীবীরা আপিল করার সুযোগ রাখার কথা জানালেও বিচারক ইঙ্গিত দেন, এই লড়াই সহজ হবে না। কারণ আইনি সময়সীমা পার হয়ে যাওয়ার বিষয়টি ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
২০২৪ সালে দায়ের করা মামলায় মাস্ক অভিযোগ করেন, OpenAI, এর প্রধান নির্বাহী Sam Altman এবং প্রেসিডেন্ট Greg Brockman তাকে কৌশলে ৩৮ মিলিয়ন ডলার অনুদান দিতে উৎসাহিত করেন। পরে তার অজান্তেই প্রতিষ্ঠানটিকে অলাভজনক কাঠামো থেকে লাভজনক ব্যবসায়িক মডেলে রূপান্তর করা হয় এবং Microsoft-সহ বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করা হয়। মাস্ক এই ঘটনাকে ‘একটি দাতব্য প্রতিষ্ঠান দখল’ বলে উল্লেখ করেন।
অন্যদিকে ওপেনএআইয়ের পক্ষের আইনজীবীরা দাবি করেন, মাস্ক মূলত ব্যবসায়িক প্রতিযোগিতার কারণেই এই অভিযোগ তুলেছেন এবং মামলাটি করার ক্ষেত্রে অযথা বিলম্ব করেছেন। ওপেনএআইয়ের আইনজীবী উইলিয়াম স্যাভিট সমাপনী বক্তব্যে বলেন, “মিস্টার মাস্ক অনেক ক্ষেত্রে সফল হতে পারেন, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নয়।”
২০১৫ সালে Sam Altman, Elon Musk এবং আরও কয়েকজন মিলে OpenAI প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে মাস্ক বোর্ড থেকে সরে দাঁড়ান এবং পরের বছর প্রতিষ্ঠানটি লাভজনক ব্যবসায়িক শাখা চালু করে।
বর্তমানে OpenAI প্রতিযোগিতা করছে Anthropic এবং মাস্কের নিজস্ব প্রতিষ্ঠান xAI-এর সঙ্গে। ইতোমধ্যে Microsoft ওপেনএআইয়ে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে ওপেনএআইয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। একই সময়ে xAI-ও সম্ভাব্য আইপিওর প্রস্তুতি নিচ্ছে।
পাঠকের মন্তব্য