![]()
তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
আজ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল-এর নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো—আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা।”
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপি ও দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে এটি বিএনপির ম্যানিফেস্টো থাকলেও সরকার গঠনের পর তা এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপি এমন একটি রাজনৈতিক পরিবেশের কথা বলেছিল, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ ও বিতর্ক করতে পারবে।
তিনি আরও বলেন, “আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার। অর্থাৎ সরকার ঠিকই আছে, কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে, অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।”
দিনব্যাপী রুদ্ধদ্বার এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রুহুল কবির রিজভী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন।
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের এটি ছিল প্রথম মতবিনিময় সভা।
পাঠকের মন্তব্য