![]()
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এ আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন।
মামলার আবেদনে মুহাম্মদ ইউনূস ছাড়াও সরকারের একাধিক উপদেষ্টা, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তাকে আসামি করার আবেদন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যসহ রাজউকের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই শিশু। ঘটনাটি দেশের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত।
পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। ওই প্রতিবেদন গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয় বলে জানা যায়।
পাঠকের মন্তব্য