![]()
পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোপলিটন এলাকার জন্য আগের সবুজ রঙ এবং জেলা পর্যায়ের জন্য নীল রঙের শার্ট ও খাকি রঙের প্যান্টে ফিরে যাচ্ছে পুলিশ।
আজ (সোমবার, ৪ মে) সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশের বর্তমান পোশাক নিয়ে সদস্যদের মধ্যে সন্তুষ্টি ছিল না। তাদের মতামত ও আবেদনের ভিত্তিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন পোশাক উৎপাদন ও সরবরাহে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানান।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ মে থেকে বড় মাদক চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন আদালতের বিষয় হলেও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে তিনি সংসদের সাম্প্রতিক অধিবেশনকে সবচেয়ে সফল অধিবেশনগুলোর একটি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই অধিবেশনে উল্লেখযোগ্য সংখ্যক আইন প্রণয়ন হয়েছে।
পাঠকের মন্তব্য