![]()
ইবি রিপোর্ট
করের হার না বাড়িয়েও বাংলাদেশের রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো সম্ভব। এ জন্য করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি প্রতিরোধ এবং সম্পদের ওপর ন্যায্য ও কার্যকর কর আরোপের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সম্পদের অসম বণ্টন কমাতে উত্তরাধিকার কর চালুর বিষয়টিও বিবেচনায় নেওয়ার সুপারিশ করেছে একটি গবেষণা।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’ শীর্ষক গবেষণায় দেশের কর আদায়ের সম্ভাবনা, কর ফাঁকির পরিস্থিতি এবং বিদ্যমান করব্যবস্থার বণ্টনগত প্রভাব পর্যালোচনা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণাটির নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। সহ-গবেষক হিসেবে ছিলেন র্যাপিডের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. দীন ইসলাম এবং সংস্থাটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্য সংযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস।
আলোচনায় অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আর ইউসুফ।
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের সম্পদ বৈষম্য আয়বৈষম্যের চেয়ে অনেক বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১০ শতাংশ পরিবারের কাছে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি রয়েছে। অন্যদিকে, শীর্ষ ১ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে মোট সম্পদের ৪৭ শতাংশের বেশি। শহরাঞ্চলে শীর্ষ ১ শতাংশ পরিবারের সম্পদের অংশ ৫৩ শতাংশ ছাড়িয়েছে।
পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ এবং অন্যান্য সম্পদের মূল্য বিবেচনায় নিয়ে এ হিসাব করা হয়েছে। তবে কর-নথিভিত্তিক তথ্যের সীমাবদ্ধতা এবং সম্পদ মূল্যায়নের পদ্ধতিগত ভিন্নতার কারণে আন্তর্জাতিক বিভিন্ন হিসাবের সঙ্গে এ গবেষণার পরিসংখ্যানে পার্থক্য থাকতে পারে বলে উল্লেখ করেছেন গবেষকেরা।
গবেষণায় ভ্যাট আদায়ের ক্ষেত্রেও রাজস্ব ফাঁকির বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয়, ভোক্তারা পণ্যের দাম ও সেবার মাধ্যমে ভ্যাটের অর্থ পরিশোধ করলেও তার পুরোটা সরকারি কোষাগারে জমা হয় না। ব্যবসাপ্রতিষ্ঠানের অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রির তথ্য গোপন এবং নির্ধারিত সময়ে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব হারানোর সুযোগ তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে কর পরিপালন নিশ্চিত করা এবং প্রশাসনিক নজরদারি জোরদার করে অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা সম্ভব বলে মনে করছে গবেষণা দল।
গবেষণায় উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করের আওতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্যাটের হার বৃদ্ধি না করে আদায় ও পরিপালনব্যবস্থার উন্নয়ন এবং সম্পদের কেন্দ্রীভবন বিবেচনায় উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।
এ ছাড়া করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন, রাজস্ব আদায়ের নামে হয়রানিমূলক কার্যক্রম বন্ধ এবং করের আওতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে কর প্রশাসনের আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণার ফলাফল উপস্থাপনকালে ড. এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য কেবল কত টাকা আদায় হলো, সেই হিসাব দিয়ে মূল্যায়ন করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে জনগণ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে, সেসব বিষয়ও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
গবেষণার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশের বিদ্যমান করকাঠামোর মধ্যেই অতিরিক্ত রাজস্ব সংগ্রহের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে করের হার বাড়ানোকে প্রধান সমাধান হিসেবে না দেখে করের আওতা সম্প্রসারণ, রাজস্ব ফাঁকি বন্ধ এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির পথ তৈরি করা সম্ভব।
পাঠকের মন্তব্য