![]()
বিএনপি আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ও যোগ্যতাসম্পন্ন নেতাকর্মীদেরই মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই বিএনপি সংসদ সদস্য বাছাই করে থাকে এবং এবারও তার ব্যতিক্রম হবে না। প্রার্থী হতে আগ্রহীদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে, যা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবং আজ সকাল ১০টা থেকে তা বিতরণ অব্যাহত রয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত ফরম বিতরণ ও জমা গ্রহণ চলবে।
রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সংসদে কথা বলার দক্ষতা এবং সমাজে সুনাম—এই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের কঠিন পরিস্থিতি অতিক্রম করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, যা সঠিকভাবে কাজে লাগানো উচিত। জনগণ চায়—ক্ষমতাসীন দল, বিরোধী দলসহ সবাই গণতান্ত্রিক চর্চা বজায় রাখুক এবং জবাবদিহিতা নিশ্চিত করুক।
রিজভী উল্লেখ করেন, অতীত আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মতপ্রকাশের কারণে অনেক নারী গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন। তাই এসব ত্যাগ ও ভূমিকার মূল্যায়ন করে যোগ্য প্রার্থীদেরই দল মনোনয়ন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাঠকের মন্তব্য