![]()
রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুত রাখা মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার আগারগাঁও ও মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পাশের একটি অবৈধ স্থাপনা থেকে ৫০ লিটার এবং গড়ান চটবাড়ী এলাকায় দুটি স্থাপনা থেকে আরও ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। মালিকদের খুঁজে না পাওয়ায় স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
জব্দ করা ১৫০ লিটার ডিজেল পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে ডিপো মূল্যে বিক্রি করে ১৪ হাজার ৫৫৯ টাকা আদায় করা হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এদিকে, একটি টেলিভিশন প্রতিবেদনের ভিত্তিতে বাসাবো এলাকায় পৃথক অভিযানে কমল মটরস ও ফয়সাল মবিল অয়েল নামে দুটি প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা আরও ৬৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে এসব ডিজেল নিকটবর্তী ফিলিং স্টেশনে ডিপো মূল্যে বিক্রি করে ৬২ হাজার ৬৫৩ টাকা আদায় করা হয়।
অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পাঠকের মন্তব্য