![]()
জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে গ্রেপ্তার ‘সাওদা সুমি’ নামে পরিচিত বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ।
এর আগে, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। পরদিন সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পরে মঙ্গলবার আদালতে তোলা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
গ্রেপ্তারের আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি ‘Sawoda Sumi’ থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিছে। তাহলে দুই-তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?” এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করে একাধিক পোস্ট দিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে বিবি সাওদা ফেসবুক পোস্টগুলোর সত্যতা স্বীকার করেন এবং জানান, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পোস্ট করেছেন।
পুলিশ আরও জানায়, বিষয়টি সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। তার মোবাইল ফোনের তথ্য পর্যালোচনা সম্পন্ন না হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা-এর আওতায় আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ
পাঠকের মন্তব্য