![]()
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প-এর মন্তব্যের একদিন পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে ‘নিজেদের সঙ্গেই আলোচনা’ করছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তায় মার্কিন নেতৃত্বকে কটাক্ষ করে ইরানি সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ‘আপনাদের প্রতিশ্রুতির যুগ শেষ হয়ে গেছে।’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন?’
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তেহরান আনুষ্ঠানিক কোনো আলোচনা নিশ্চিত করেনি; কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের কথা জানিয়েছে।
জোলফাকারি বলেন, একসময় যুক্তরাষ্ট্র যে কৌশলগত শক্তির বড়াই করত, তা এখন ‘কৌশলগত পরাজয়ে’ রূপ নিয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না মার্কিন নেতারা ইরানে হামলার চিন্তা থেকে সরে আসছেন, ততক্ষণ জ্বালানি ও তেলের দাম স্বাভাবিক অবস্থায় ফিরবে না।
উল্লেখ্য, সোমবার ট্রাম্প শান্তির লক্ষ্যে তেহরানের কাছে ১৫ দফা শর্ত প্রস্তাবের কথা জানান, যার মধ্যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি পরিত্যাগের বিষয়টিও রয়েছে।
পাঠকের মন্তব্য