![]()
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না—এই বিষয়টি দেশবাসীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
রোববার (৩০ নভেম্বর) রাতের দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেন, “তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না, এই বিষয়টির বিস্তারিত দেশবাসীকে জানানো উচিত।” তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত।”
ড. মির্জা গালিব প্রশ্ন তোলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে যারা বা যে প্রতিষ্ঠান, ভবিষ্যতে যদি তিনি প্রধানমন্ত্রী হন, তারা কি তাকে দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিতে চাপ দেবে না—এর নিশ্চয়তা কোথায়?
তিনি আরও মন্তব্য করেন, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এ বিষয়ে এখনই স্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। ড. গালিবের মতে, বিষয়টি গোপন রাখার মতো নয়, বরং জনসম্মুখে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া জাতির জন্য অপরিহার্য।
এই পোস্টটি সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, দেশের সর্ববৃহৎ বিরোধী দলের প্রধানের দেশে আগমন ও তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি স্পষ্টভাবে জনগণের সামনে আনা না হলে, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।
পাঠকের মন্তব্য