![]()
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ‘অত্যন্ত সংকটাপন্ন’। তিনি দেশবাসীর প্রতি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টন সেন্ট্রাল জামে মসজিদে জুমার নামাজের পর বিশেষ মোনাজাতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ফখরুল বলেন, “গত রাতে চিকিৎসকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”
তিনি দলের পক্ষ থেকে সারাদেশের মানুষকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রাম, ত্যাগ ও কারাবরণের কথা স্মরণ করে তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন।
এদিন বিএনপির উদ্যোগে দেশব্যাপী জুমার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৩ নভেম্বর চিকিৎসা বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হার্ট ও ফুসফুসে সংক্রমণসহ নিউমোনিয়ার সমস্যায় তিনি বর্তমানে সিসিইউতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
পাঠকের মন্তব্য