
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ আইনগতভাবে দলটির কার্যক্রম স্থগিত রয়েছে।
রোববার (আজ) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “স্থগিত দল মানে তাদের সব কার্যক্রমই স্থগিত। সেজন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই।”
সিলেট জেলা পুলিশ লাইনে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতীকসংক্রান্ত এক প্রশ্নে তিনি জানান, প্রতীক বরাদ্দ নির্বাচন আইন ও বিধিমালার আওতায় হয়ে থাকে। “শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই,” বলেন তিনি।
আগামী সংসদ নির্বাচন বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “ফেব্রুয়ারির আগে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হবে না এবং সব বাহিনী প্রস্তুত রয়েছে।
“অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না,” জানিয়ে তিনি বলেন, “সবার সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে কমিশন।”
নির্বাচনী কর্মকর্তাদের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, “যারা বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ, তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হবে না—এ নিয়ে কমিশন কঠোর অবস্থানে আছে।”
পাঠকের মন্তব্য