![]()
ইবি রিপোর্ট
বিজয় দিবসে সীমিত পরিসরে যাত্রা শুরু করতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন এই টার্মিনালের কার্যক্রম উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি সই করার কথা জানিয়েছে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্যান্য এয়ারলাইনসের চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।
টার্মিনাল পরিচালনার চুক্তির শর্ত নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফলে ১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই বলে উঠে এসেছে। পাশাপাশি আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করাও কঠিন হবে বলে বিবেচনায় নেওয়া হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করেই পরিচালনা চুক্তির শর্ত মেনে নেওয়া হয়েছে।
চুক্তির শর্ত নিয়ে আলোচনায় মন্ত্রী বলেন, এতে বাংলাদেশ খুব একটা পিছিয়ে পড়েনি। তবে নতুন টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে সময় লাগবে। ফলে ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরপরই সব ধরনের কার্যক্রম একসঙ্গে চালু হচ্ছে না। বরং সীমিতসংখ্যক ফ্লাইট দিয়ে শুরু করে ধীরে ধীরে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন নিয়েও কথা বলেছেন বিমানমন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর বিমানবন্দরটির উদ্বোধন হচ্ছে না।
পাঠকের মন্তব্য