![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ফ্যাসিস্ট খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আয়োজিত ওই কর্মসূচিতে ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়ে ঘুমন্ত মানুষ পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানানো হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন আহম্মদ সোহেল মনজুর।
প্রতিমন্ত্রী বলেন, খুনি হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, তাঁর জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ। ভান্ডারিয়ায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসবে।
রাজনীতির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনীতি মানে ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্রের চর্চায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিএনপির নেতাকর্মীরা কখনো আইন নিজের হাতে তুলে নেন না।
গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাংশ এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল; আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। তাঁর আশা, অতি শিগগিরই অশান্ত গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত হয়ে আসবে। কারণ, সংশ্লিষ্টদের ষড়যন্ত্রের স্বপ্ন কখনো পূরণ হবে না।
ভান্ডারিয়ার বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিরা শিগগিরই ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, অপরাধে জড়িত কেউ পার পাবে না। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন। এ বিষয়ে প্রশাসন এবং দলের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন বলে জানান তিনি।
তদন্তের বিষয়ে প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে আহম্মদ সোহেল মনজুর বলেন, নিরপেক্ষভাবে অনুসন্ধান করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। যাতে কোনো নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম হাওলাদারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
পাঠকের মন্তব্য