![]()
ইবি রিপোর্ট
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, তাঁকে ফেরত পাঠানোর দাবি এবং সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার অবস্থান নিয়ে সরকারের বক্তব্য তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি; বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। তাঁর অভিযোগ, দেশে ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগের চার নেতার সীমান্ত এলাকায় গোপন বৈঠকের প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, বিষয়টি এক ধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতেই তাঁরা সীমান্ত এলাকায় ঘুরে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা ও তাঁর বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন ধারণাকে তিনি হাস্যকর বলে উল্লেখ করেন।
শেখ হাসিনা বর্তমানে ভারতে কীভাবে অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে তথ্য নেই বলেও জানান পার্থ। তিনি বলেন, তিনি সেখানে আশ্রয়ে রয়েছেন, পর্যটন ভিসায় আছেন, নাকি অন্য কোনো ব্যবস্থায় অবস্থান করছেন, তা সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।
তথ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে যেসব বক্তব্য সামনে আসছে, সেগুলো মৌখিক পর্যায়েই সীমাবদ্ধ বলে মন্তব্য করেন পার্থ।
তিনি আরও বলেন, একদিকে শেখ হাসিনার জন্য বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের উচিত আগে নিজেদের মানসিকতা ঠিক করা।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না বলে দাবি করেন তথ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশ এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি ছড়ানোর চেষ্টা করছে দলটি।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে পার্থ বলেন, এ দেশের হিন্দু ও মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। তাঁর অভিযোগ, ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে।
ভারতের পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশটির কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করাকে ভারতের পররাষ্ট্রনীতির দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
পাঠকের মন্তব্য