![]()
ইবি রিপোর্ট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহ কার্যক্রমে যুক্ত হলো নতুন চালান। রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের অষ্টম চালান মঙ্গলবার ভোরে পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে এসব পারমাণবিক জ্বালানি কেন্দ্রে নেওয়া হয়। এর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।
প্রকল্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। পুরো পরিবহন কার্যক্রম সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং এ সময় নিরাপত্তাব্যবস্থা কঠোর রাখা হয়।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো উড়োজাহাজে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
এরই মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। এরপর ২৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুর প্রকল্প।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
রুশ ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ প্রক্রিয়ায় প্রথম ইউনিটের দায়িত্ব রুশ ঠিকাদারের কাছ থেকে প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
প্রকল্পটির দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতা। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য