![]()
ইবি রিপোর্ট
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। চলতি নভেম্বরের প্রথম ২১ দিনেই এ রোগে প্রাণ হারিয়েছেন ১০০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা যান।
অন্যদিকে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৭৫৫। এ ছাড়া খুলনায় ১৭৪ জন, বরিশালে ১৬৭ জন, চট্টগ্রামে ১৫০ জন, রাজশাহীতে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুরে ৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নভেম্বরের ২১ দিনেই ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু এবং এক দিনে দেড় হাজারের বেশি রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। চলতি বছরে মৃত্যুর সংখ্যা ৫১৮ এবং হাসপাতালে ভর্তি রোগী ১ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে।
পাঠকের মন্তব্য