![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির ঘটনা ঘিরে ব্যাপক সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পরও জনমনে আস্থা ফিরিয়ে আনতে না পারায় তাঁর এ সিদ্ধান্তকে ঘিরে দেশটির শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে চোই কিয়ো-জিন পরীক্ষায় জালিয়াতির ঘটনার সম্পূর্ণ দায়ভার নিজের ওপর নেন।
বিতর্কের সূত্রপাত গত ১৫ নভেম্বর। ওই দিন দক্ষিণ কোরিয়ার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক বা ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী এআই ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষুদ্র ক্যামেরার সাহায্যে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে স্মার্টফোনের মাধ্যমে এআইয়ের কাছে পাঠানো হতো। পরে সেখান থেকে উত্তর সংগ্রহ করে পরীক্ষায় ব্যবহার করেন তিনি। ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম হয়েছিলেন ওই পরীক্ষার্থী।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আয়োজিত গুরুত্বপূর্ণ পরীক্ষা সুনেউং ঘিরে তৈরি হয় নতুন শঙ্কা। প্রতিবছর অনুষ্ঠিত এ পরীক্ষা প্রায় নয় ঘণ্টাব্যাপী চলে। দক্ষিণ কোরিয়ায় ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি এমনকি জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও এ পরীক্ষার ফলকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
এ পরিস্থিতিতে পরীক্ষায় অসদুপায় বন্ধ করতে কর্তৃপক্ষ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করার পাশাপাশি পরীক্ষার্থীদের পোশাকের বোতামে স্টিকার লাগানোর ব্যবস্থা করা হয়। এ ছাড়া পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস জমা রাখা বাধ্যতামূলক করা হয়। লুকানো ক্যামেরা শনাক্ত করতে পরীক্ষার্থীদের চশমা, ঘড়ি ও পোশাকও তল্লাশি করা হয়।
তবে এসব উদ্যোগের পরও শিক্ষামন্ত্রীর ওপর থেকে চাপ কমেনি। পার্লামেন্টের এক শুনানিতে পরীক্ষার দিন জালিয়াতি শনাক্ত করার সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে ৭২ বছর বয়সী চোই নিজের বয়সের কারণে এ বিষয়ে আত্মবিশ্বাসী নন বলে মন্তব্য করেন। তাঁর এ বক্তব্য জনমনে আরও অসন্তোষ তৈরি করে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সুনেউং পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসংক্রান্ত ১১১টি অসদাচরণের ঘটনা শনাক্ত করেন কর্মকর্তারা। এসব ঘটনার প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকারের পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে। ফলে পরীক্ষার নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে।
এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষায় প্রযুক্তিনির্ভর জালিয়াতি ঠেকানোর সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে এ ঘটনায় সরকারের দায়িত্বশীলতার প্রশ্নটি সামনে এসেছে। তবে ভবিষ্যতে পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রযুক্তির অপব্যবহার রোধে আরও কার্যকর নজরদারি কতটা নিশ্চিত করা যায়, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।
পাঠকের মন্তব্য