![]()
ইবি রিপোর্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সব কার্যক্রম শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের পর আসামিপক্ষের সাফাই সাক্ষ্যও সম্পন্ন হয়েছে। এখন মামলার পরবর্তী ধাপ হিসেবে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।
রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর যুক্তিতর্কের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়। এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজির হন। তিনি এদিন সশরীরে আদালতে উপস্থিত ছিলেন না।
রোববার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কয়েকটি কাগজপত্র এবং ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন। তার জবানবন্দি গ্রহণ শেষে জেরা করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার দায়িত্ব পালন করেন।
সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চাওয়া হয়। পরে ট্রাইব্যুনাল উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন নির্ধারণ করেন।
এর আগে গত ১৯ নভেম্বর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। পরবর্তী সময়ে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের সুযোগ দেওয়া হয়। রোববার সেই কার্যক্রমও শেষ হলো।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের দাবি, এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।
তৃতীয় অভিযোগেও একই সময়কালের আরও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন। অভিযোগে বলা হয়েছে, বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া হয়।
এখন মঙ্গলবারের যুক্তিতর্কের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের শেষ পর্যায় শুরু হতে যাচ্ছে। উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন শেষ হলে মামলাটি রায় ঘোষণার জন্য প্রস্তুত হবে।
পাঠকের মন্তব্য