![]()
ইবি রিপোর্ট
জাতীয় সংসদ ভবনের বিদ্যুৎ ব্যবস্থাপনায় সৌরশক্তি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কমিটি। এ জন্য সৌর প্যানেল স্থাপনের উপযুক্ত জায়গা চিহ্নিত করা, বিদ্যুতের চাহিদা নিরূপণ এবং প্রয়োজনীয় কারিগরি পরিকল্পনা তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা তুলে ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্য পরিকল্পনা পর্যালোচনা করেন বৈঠকে অংশ নেওয়া সদস্যরা।
আলোচনায় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং ভবনের অব্যবহৃত ও ফাঁকা জায়গাগুলো সৌর প্যানেল স্থাপনের জন্য কতটা উপযোগী, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যুতের প্রয়োজন ও কারিগরি সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
প্রকল্পটি বাস্তবায়নে দরপত্র আহ্বান এবং পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
প্রস্তাবিত কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য পৃথক একটি উপকমিটিও গঠন করা হয়েছে।
এই উপকমিটিতে রয়েছেন কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, এমপি, মো. মাহবুবুল আলম, এমপি এবং মো. সাইফুল আলম, এমপি। প্রকল্পের বিভিন্ন কারিগরি ও ব্যবস্থাপনাগত দিক যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করবে উপকমিটি।
বৈঠকে ডিপিডিসিকে সৌরবিদ্যুৎ প্রকল্পের কারিগরি স্পেসিফিকেশন প্রস্তুত করে আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই পরিকল্পনা পাওয়ার পর পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা, স্থাপনের উপযোগী জায়গা এবং কারিগরি সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রকল্পের পরিধি চূড়ান্ত করা হবে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর এই উদ্যোগ বাস্তবায়নে এখন কারিগরি পরিকল্পনা, সমীক্ষা ও দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি সামনে এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রস্তুতি শেষ করা গেলে পঞ্চম অধিবেশনের আগেই ভবনটিতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
পাঠকের মন্তব্য