![]()
ইবি রিপোর্ট
গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত করতে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির মাধ্যমে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে মোট ৪৯ হাজার ৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। পুরো অর্থই আসবে সরকারি তহবিল থেকে।
প্রকল্পের আওতায় দেশের ৪৮টি জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এসব সেতুর সম্মিলিত দৈর্ঘ্য হবে ৪৯ হাজার ৫০ মিটার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে প্রকল্পের কাজ শুরু হবে। বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০৩১ সালের জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে অনুমোদিত অর্থ ব্যয়ে সব সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
পাঠকের মন্তব্য