![]()
ইবি রিপোর্ট
মাদক কারবারি, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৭২ ঘণ্টায় ৫৪৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১০৭ জন সদস্য রয়েছেন। যাচাই-বাছাই শেষে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান অভিযানের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) এতে অংশ নেয়।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাই ও চুরি প্রতিরোধের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো ছিল এ অভিযানের অন্যতম লক্ষ্য। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা গ্রহণের পর তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, ‘উঠতি বয়সী কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে মাদক, ছিনতাই, চুরি, কিশোর অপরাধ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তৎপরতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’
অভিযানের বিষয়ে নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে বলে জানান তিনি।
লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, ‘অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। অপরাধে সম্পৃক্ততা যাচাই করেই আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পাঠকের মন্তব্য