![]()
ইবি রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার সম্মতি জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা নিয়ে এই সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুরা কুমারা দিসানায়েকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। একই সঙ্গে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সফরকালে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথাও জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। অতীতের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পাশাপাশি বাংলাদেশের সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য।
এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও প্রেসিডেন্টকে জানান হুমায়ুন কবির।
সাক্ষাতের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
পাঠকের মন্তব্য