![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ, যৌথ কর্মসূচি এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইনে ডি-৮ জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘ফ্রম ইস্তাম্বুল টু আনতালিয়া: ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এই আয়োজনে সদস্যদেশগুলোর জলবায়ু উদ্যোগ বাস্তবায়ন, পারস্পরিক সহযোগিতা এবং যৌথ অঙ্গীকার পূরণের বিষয়গুলো আলোচনায় আসে।
অধিবেশনে জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতার আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় বাংলাদেশের প্রস্তাবিত সংশোধনীগুলো তুলে ধরা হয়। এতে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তব কর্মসূচিতে রূপান্তর এবং জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন অর্জনে সদস্যরাষ্ট্রগুলোর সমন্বিত কার্যক্রম গ্রহণের প্রস্তাব দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করা, খাল পুনরুদ্ধার, উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির কথাও তুলে ধরা হয়।
এ ছাড়া জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং চক্রাকার অর্থনীতির বিকাশকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়।
ডি-৮ দেশগুলোর পরিবেশ ও জলবায়ুবিষয়ক কার্যক্রম আরও ফলপ্রসূ করতে বাংলাদেশ একটি সহযোগিতা প্ল্যাটফর্ম কার্যকর করার প্রস্তাব দিয়েছে। সদস্যরাষ্ট্রগুলোর মনোনীত বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি টিম গঠন এবং ২০২৭–২০৩০ মেয়াদের জন্য বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।
এই রোডম্যাপে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন, সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নত করা, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী প্রকল্প তৈরির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় বাংলাদেশ। অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে অনুদানভিত্তিক ও সহজ শর্তের অর্থায়ন বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে উপযোগী প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারের প্রস্তাব করা হয়। লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলোও সংশোধনীতে রাখা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য উৎপাদন কমানো, উৎস পর্যায়ে পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি কম্পোস্ট ও বায়োগ্যাস উৎপাদন এবং বর্জ্য থেকে ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধারে সদস্যরাষ্ট্রগুলোর যৌথ পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়।
জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা, নিঃসরণ নিয়ন্ত্রণ এবং অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের জীবিকার নিরাপত্তা বজায় রেখে উপযুক্ত অবশিষ্ট বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাবও রয়েছে।
এসব কার্যক্রম এগিয়ে নিতে ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সদস্যরাষ্ট্রগুলোকে কারিগরি টিমের জন্য প্রতিনিধি মনোনয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই বছরের প্রথম প্রান্তিকে কর্মদলের প্রথম সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সহযোগিতা প্ল্যাটফর্মের কার্যপরিচালনা কাঠামো এবং রোডম্যাপের খসড়া সদস্যরাষ্ট্রগুলোর অনুমোদনের জন্য উপস্থাপনের বিষয়টি তুলে ধরা হয়।
কপ৩১-পরবর্তী সময়েও ডি-৮ দেশগুলোর জলবায়ু সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। কার্যকর অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা, যৌথ উদ্যোগ এবং পরিমাপযোগ্য ফলাফলের মাধ্যমে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সহনশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানানো হয়।
অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার, সরকারি উদ্যোগ এবং আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় প্রস্তাবিত সংশোধনীগুলো উপস্থাপন করেন।
এতে উপস্থিত ছিলেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও কপ৩১ সভাপতি মুরাত কুরুম, ডি-৮ সংস্থার মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদ এবং সদস্যরাষ্ট্রগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
পাঠকের মন্তব্য