![]()
ইবি রিপোর্ট
জাতীয় সংসদে গত সোমবার (১৬ নভেম্বর) ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপনের পর কণ্ঠভোটে তা অনুমোদন পায়।২০০৬ সালে প্রণীত সরকারি ক্রয় আইনটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় একবার সংশোধন করা হয়েছিল। বিএনপি সরকার গঠনের পর গত ১১ নভেম্বর দ্বিতীয় দফা সংশোধনের প্রস্তাব সংসদে তোলা হয়।
নতুন আইনে গত ২০ বছর বৈধ লাইসেন্স বা নিবন্ধন থাকার পরও সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রয়োজনীয় সুযোগ বা অনুকূল পরিবেশ পাননি—এমন ব্যক্তিদের ‘সুযোগবঞ্চিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দেশীয় শিল্প, নতুন দরপত্রদাতা, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের পাশাপাশি এই শ্রেণির ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে আইনের ২৬ ধারায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে প্রচলিত দরপত্রের কিছু শর্ত শিথিল করার ক্ষমতা পাবে সরকার।
এ ছাড়া নতুন যুক্ত হওয়া ২৫(২) ও ২৫(৩) উপধারায় যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি শর্ত বাধ্যতামূলক না রাখার সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানে কাজের পূর্ব অভিজ্ঞতা কিংবা একক বড় চুক্তি সম্পাদনের অভিজ্ঞতা আর সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা যাবে না। এতে নতুন নিবন্ধিত ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণের বাধা কমবে বলে সংশোধনীর উদ্দেশ্যে বলা হয়েছে।
তবে বিশ্লেষক ও সাবেক সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, ‘সুযোগবঞ্চিত’ শ্রেণির সংজ্ঞা পরিষ্কার না হওয়ায় রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিশেষ সুবিধা পেতে পারেন। বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারদের সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিধানটি ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে বলে তাঁরা মনে করছেন। এসব ঠিকাদার আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে এবং বিএনপি ১৯ বছর বিরোধী দলে থাকার সময় কোণঠাসা ছিলেন বলে অভিযোগ করে আসছেন।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নতুন দরপত্রদাতা ও তরুণ উদ্যোক্তাদের জন্য অপ্রয়োজনীয় বাধা দূর করা যুক্তিসংগত। কিন্তু আগে কোণঠাসা থাকা ঠিকাদারদের জন্য আলাদা আইনি শ্রেণি তৈরি করা সমস্যাজনক।
তিনি বলেন, আগে অনিয়মের মাধ্যমে যাঁদের সরকারি কেনাকাটায় অংশগ্রহণ থেকে দূরে রাখা হয়েছিল, তাঁরা এখন স্বাভাবিকভাবেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের ‘সুযোগবঞ্চিত’ ঘোষণা করে বাড়তি সুবিধা দেওয়াও একধরনের অনিয়ম হবে। তাঁর মতে, যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত শিথিল হলে সরকারি কাজের মান কমতে পারে এবং করদাতাদের অর্থের অপচয় হওয়ার ঝুঁকি রয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁর মতে, ক্ষুদ্র ও নারী-নেতৃত্বাধীন ব্যবসাকে সহায়তার উদ্দেশ্য থাকলেও নতুন শ্রেণিবিন্যাসে বড় ধরনের ঝুঁকি রয়েছে।
টিবিএসকে তিনি বলেন, ‘বঞ্চিত’ শ্রেণির এই অন্তর্ভুক্তি দলীয় ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হতে পারে। বিধানগুলোর অপপ্রয়োগ ঠেকাতে যথাযথ ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে সরকারি ক্রয় খাত রাজনৈতিক নিয়ন্ত্রণের ঝুঁকিতে পড়বে।
‘বঞ্চিত’ শ্রেণির সংজ্ঞা নিয়ে প্রশ্ন
সংশোধিত আইনে ৩৬ক নামে একটি নতুন ধারা যুক্ত হয়েছে। এতে বলা হয়েছে, সংশোধনী কার্যকর হওয়ার আগের ২০ বছর বৈধ নিবন্ধন বা লাইসেন্স থাকা সত্ত্বেও সরকারি ক্রয় কার্যক্রমে অংশ নেওয়ার প্রয়োজনীয় সুযোগ বা অনুকূল পরিবেশ না পাওয়া ব্যক্তিরা ‘সুযোগবঞ্চিত’ হিসেবে বিবেচিত হবেন।
বিদ্যমান আইনের ২৫ ধারায় সরকারি ক্রয়ে বৈষম্যহীনতার নীতি রয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার ভিন্ন সিদ্ধান্ত না নিলে কোনো ব্যক্তিকে বর্ণ, জাতীয়তা, জাতিগত পরিচয় কিংবা ক্রয়সংক্রান্ত নথিতে উল্লেখ করা যোগ্যতার সঙ্গে সম্পর্কহীন কোনো কারণে অংশগ্রহণ থেকে বিরত রাখা যাবে না।
সংশোধনের মাধ্যমে এই ধারায় নতুন দুটি উপধারা যুক্ত হয়েছে। ২৫(২) উপধারায় বলা হয়েছে, ঠিকাদার বা সরবরাহকারীর যোগ্যতা নির্ধারণে এমন শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে।
অন্যদিকে ২৫(৩) উপধারায় দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা এবং একক বড় চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ না করার বিধান রাখা হয়েছে।
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সাবেক মহাপরিচালক ফারুক হোসেন নতুন ধারার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, বিদ্যমান আইনে কাউকে দরপত্রে অংশগ্রহণে বাধা দেওয়ার সুযোগ নেই। দরপত্র জমা, নির্বাচন ও মূল্যায়নের কাজও অনলাইনে সম্পন্ন হয়।
টিবিএসকে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও বিএনপি-সমর্থিত অনেক ঠিকাদার সরকারি কাজ পেয়েছেন। তাই সংশোধনীতে ‘সুযোগবঞ্চিত ব্যক্তি’ বলতে কাদের বোঝানো হয়েছে, তা তাঁর কাছে পরিষ্কার নয়। কেউ আগে সুযোগ না পেলেও এখন কীভাবে তাঁদের কাজ পাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে, তা নিয়েও সন্দেহ রয়েছে। নির্দিষ্ট ব্যক্তিকে কাজ পাইয়ে দেওয়া কোনো আইনের উদ্দেশ্য হতে পারে না।
ফারুক হোসেন আরও বলেন, অভিজ্ঞতার শর্ত তুলে দিলে যোগ্য ঠিকাদার বাছাই কঠিন হবে। এতে কারসাজির সুযোগ তৈরি হতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বছরে ৩০ বিলিয়ন ডলারের সরকারি ক্রয়
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সরকারি ক্রয় কার্যক্রম পরিচালনার জন্য ২০০৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট প্রণয়ন করা হয়। সর্বশেষ সংশোধনীর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আইনটিতে পরিবর্তন আনা হয়েছিল।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, সরকার প্রতিবছর সরকারি ক্রয় খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে। প্রতিবেদনে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব উল্লেখ করেছেন, জাতীয় বাজেটের ৪৫ শতাংশ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৮৫ শতাংশ অর্থ সরকারি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যয় হয়।
বিপুল অঙ্কের অর্থ জড়িত থাকায় সরকারি ক্রয় খাতের স্বচ্ছতা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। বিপিপিএর প্রতিবেদনে তৎকালীন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ খাতে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের একটি শ্বেতপত্রেও সরকারি কেনাকাটা ও ঠিকাদারি কাজ বণ্টনে ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এসেছিল।
তবে অনিয়ম নিয়ন্ত্রণে অতীতের উদ্যোগগুলো কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি কেনাকাটার পরিমাণ বাড়ার পরিপ্রেক্ষিতে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বচ্ছতা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়ের কেনাকাটা একটি সরকারি দপ্তরের মাধ্যমে পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি।