![]()
ইবি স্পোর্টস রিপোর্ট
জাতীয় মহিলা দাবার শিরোপা জয়ের পাশাপাশি রানার্সআপের স্থানটিও নিজেদের করে নিয়েছেন দুই বোন। ছোট বোন ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন, আর বড় বোন ওয়ালিজা আহমেদ প্রতিযোগিতা শেষ করেছেন দ্বিতীয় স্থানে থেকে। বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবায় বাংলাদেশ নৌবাহিনীর এই দুই দাবাড়ুর সাফল্য আলোচনায় এসেছে।
বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন। ছোট বোনের শিরোপা জয়ের পর প্রতিযোগিতার শেষ দিনে নিজের লড়াইয়ে সাফল্য পান বড় বোন ওয়ালিজাও। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণের প্লে-অফে আট খেলায় সাড়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হন নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা।
প্লে-অফে আট খেলায় ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার নুশরাত জাহান আলো আট খেলায় সাড়ে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হন।
অন্যদিকে প্লে-অফে আট খেলায় ৩ পয়েন্ট করে সংগ্রহ করেন নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণের জন্য তাদের মধ্যে ব্লিটজ দাবার লড়াই অনুষ্ঠিত হয়। সেখানে দুই গেমেই জয় পান খুশবু। ২-০ ব্যবধানে নীলাভাকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। নীলাভা হন ষষ্ঠ।
এদিকে প্লে-অফের র্যাপিড দাবার সপ্তম থেকে দশম রাউন্ডের খেলাও অনুষ্ঠিত হয়েছে। সপ্তম রাউন্ডে ওয়ালিজা আহমেদ ও নোশিন আঞ্জুমের ম্যাচটি ড্র হয়। একই রাউন্ডে খুশবুর কাছে হেরে যান নুশরাত জাহান আলো।
অষ্টম রাউন্ডে ওয়ালিজা-নীলাভা এবং নোশিন-খুশবুর মধ্যকার খেলাগুলো ড্র হয়। নবম রাউন্ডে নীলাভা-খুশবু ও নোশিন-আলোর লড়াইও অমীমাংসিত থাকে। দশম রাউন্ডে ওয়ালিজা-খুশবু এবং আলো-নীলাভার ম্যাচ দুটি ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়।
পাঠকের মন্তব্য