![]()
ইবি রিপোর্ট
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এসব আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছিল। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। অবশিষ্ট ১৫ জনের বিরুদ্ধে ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষ হয়েছে। এ অবস্থায় আগামী ৩০ নভেম্বর রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার ওই ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে হাজির হন। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ আসামি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমির ওপর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, বসতবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, ক্ষতিপূরণের ওই অর্থের মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন কৌশলে বরাদ্দ করা অর্থের মধ্য থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাৎ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলা করেন। সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনকে আসামি করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তর করেন। দুদকের তদন্তে ৩৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ২০১৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।
মামলাটির বিচার শেষে এখন রায় ঘোষণার অপেক্ষা। আগামী ৩০ নভেম্বর আদালতের সিদ্ধান্ত জানা যাবে।
পাঠকের মন্তব্য