![]()
ইবি রিপোর্ট
সরকারি দায়িত্বে থেকেও কি কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছেন? এমন কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে নজর রাখছে সরকার। প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সরকারের এই তদারকির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কীভাবে এই নজরদারি চলছে, তা খোলাসা করেননি তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে অতীতে কোনো ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেটি সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকারি চাকরিতে থাকা অবস্থায় কেউ দলটির সঙ্গে যুক্ত থাকলে তা উদ্বেগের বিষয়। সরকার বিষয়টি বিবেচনায় রাখবে।
তিনি আরও বলেন, এ ধরনের তথ্য সংগ্রহের জন্য সরকারের নিজস্ব ‘মেকানিজম’ রয়েছে এবং প্রয়োজনীয় হাতিয়ারও আছে। সরকার যদি কোনো বিষয়ে তথ্য জানতে চায়, তাহলে তা সংগ্রহ করতে পারে।
তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতা কীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
পাঠকের মন্তব্য