![]()
ইবি রিপোর্ট
ফরাসি সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, সংগীত ও খাদ্যঐতিহ্যের সঙ্গে ঢাকাবাসীকে পরিচিত করাতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়োজন। ফ্রান্সের বিখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়কমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১ নভেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ)। ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে চলবে এ আয়োজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এ কর্মসূচির ঘোষণা দেন। ফ্রান্সের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন তাঁর অবদান স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদযাপনের সুযোগ তৈরি করেছে।
রাষ্ট্রদূত জানান, ফরাসি সপ্তাহের আয়োজনজুড়ে ফ্রান্সের সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, সংগীত, ইতিহাস ও খাদ্যসংস্কৃতি তুলে ধরা হবে। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পাবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আঁদ্রে মালরোর সমর্থন ও অবদান স্মরণ করা হবে এ আয়োজনের মাধ্যমে।
অনুষ্ঠানে জানানো হয়, ফরাসি সপ্তাহের অন্যতম আকর্ষণ হিসেবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থাপন করা হবে ‘আঁদ্রে মালরো মেমোরি ওয়াল’। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তাঁর সমর্থন এবং অবদানকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আঁদ্রে মালরো গার্ডেন ও তাঁর স্মৃতিসৌধের সামনে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করবে। ফরাসি সপ্তাহের কর্মসূচিতে শিল্পী ক্লাবের সহযোগিতায় থাকছে একটি অপেরা পরিবেশনা।
আলোকচিত্রপ্রেমীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসবের আয়োজন করবে। এতে অংশ নেওয়া আলোকচিত্রীরা তাঁদের ক্যামেরায় জনজীবনের দৈনন্দিন মুহূর্ত এবং নাগরিক জীবনের বিভিন্ন দৃশ্য তুলে ধরবেন।
চলচ্চিত্র নিয়ে আগ্রহীদের জন্য ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন পরিচালনা করবেন একটি মাস্টারক্লাস। এতে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
অন্যদিকে ফরাসি খাবারের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে ফরাসি খাবার উৎসব। এ উৎসবের খাবার প্রস্তুত করবেন ফরাসি শেফ প্যাট্রিক কানে। একই সঙ্গে হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন তিনি।
২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই ফরাসি সপ্তাহে সংস্কৃতি, শিল্প, ইতিহাস, চলচ্চিত্র ও খাবারের নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরা হবে।
পাঠকের মন্তব্য